ডিএসসিসি এলাকায় ৬০ শতাংশ বাড়িতে এডিস লার্ভা শনাক্ত: নগরবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান প্রশাসকের

অনলাইন ডেস্ক
০৫ জুন ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

মহানগর

ডিএসসিসি এলাকায় ৬০ শতাংশ বাড়িতে এডিস লার্ভা শনাক্ত: নগরবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান প্রশাসকের


ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বেশিরভাগ আবাসিক এলাকায় এডিস মশার লার্ভার উপস্থিতি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম। তিনি জানান, সাম্প্রতিক এক জরিপে প্রায় ৬০ শতাংশ বাড়িতে ডেঙ্গু সৃষ্টিকারী এডিস মশার লার্ভা শনাক্ত হয়েছে।

আজ শুক্রবার সকালে রাজধানীর ওয়ারীতে আয়োজিত একটি পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন।

প্রশাসক বলেন, “জরিপে দেখা গেছে, ৬০ শতাংশ বাড়িতেই ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে। তাই বাসাবাড়ির আঙিনা, ছাদ, বারান্দা কিংবা ফুলের টবসহ কোথাও যাতে পানি জমে না থাকে—সে বিষয়ে নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। নিজেদের সচেতনতা ছাড়া ডেঙ্গুর বিস্তার রোধ করা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি করপোরেশনের কার্যক্রম চলমান থাকলেও জনসম্পৃক্ততা ছাড়া এ ধরনের স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করা কঠিন হয়ে পড়ে।

অনুষ্ঠানে প্রশাসক উল্লেখ করেন, রাষ্ট্রীয় পর্যায়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ সময় তিনি সরকারের প্রধান উপদেষ্টার নেতৃত্বে নগর ব্যবস্থাপনা ও উন্নয়ন কার্যক্রম নিয়মিতভাবে তদারকির কথা তুলে ধরেন তারেক রহমান।

ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, জনসমর্থন পেলে আগামীতে নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের সুযোগ হলে ঢাকা দক্ষিণের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে আমূল পরিবর্তন আনা হবে। শিক্ষাখাতকে তিনি অগ্রাধিকারমূলক খাত হিসেবে বিবেচনা করবেন বলেও জানান।

ডিএসসিসি প্রশাসক নগরবাসীকে নিজ নিজ বাড়ি ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত সচেতনতা বজায় রাখার আহ্বান জানান।