সুন্দরবনে র‍্যাবের অভিযানে দস্যু খানজাহান গ্রেপ্তার,অস্ত্র ও গুলি উদ্ধার

অনলাইন ডেস্ক
০৩ জুলাই ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

খুলনা

সুন্দরবনে র‍্যাবের অভিযানে দস্যু খানজাহান গ্রেপ্তার,অস্ত্র ও গুলি উদ্ধার

খুলনা ব্যুরো :

খুলনার কয়রা উপজেলায় অভিযান চালিয়ে সুন্দরবন এলাকায় সক্রিয় জলদস্যু ও অস্ত্রধারী সন্ত্রাসী সন্দেহে আজহারুল ইসলাম (৪০) ওরফে খানজাহানকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬। এ সময় তাঁর কাছ থেকে দুটি ওয়ান শুটার গান ও ৩৬ রাউন্ড সীসার গুলি উদ্ধার করা হয়েছে ।

র‍্যাব-৬ জানায়, ২ জুলাই বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কয়রা উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের সোনামুকুন্দি মোড়লের খাল এলাকায় অভিযান চালিয়ে আজহারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। তিনি খুলনার দাকোপ উপজেলার জয়নগর গ্রামের মৃত জয়নাল খাঁর ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি সুন্দরবনকেন্দ্রিক জলদস্যু চক্রের সক্রিয় সদস্য এবং একজন পেশাদার অস্ত্রধারী সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে খুলনার কয়রা ও সাতক্ষীরার শ্যামনগর থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে।

অভিযানের সময় তাঁর হেফাজতে থাকা দুটি পলিথিনের ব্যাগ থেকে দুটি ওয়ান শুটার গান ও ৩৬ রাউন্ড তাজা সীসার গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে সেগুলো জব্দ করা হয়।

র‍্যাব জানায়, উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ব্যক্তিকে অস্ত্র আইনে মামলা দিয়ে কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানায়, সুন্দরবনসহ উপকূলীয় এলাকায় সন্ত্রাসী, জলদস্যু ও বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।