এআই যুদ্ধের অস্ত্র কম্পিউটিং শক্তি, স্পেসএক্সকে মাসে ৯২ কোটি ডলার দেবে গুগল
অনলাইন ডেস্ক:
প্রযুক্তিজগতের দুই জায়ান্ট গুগল ও স্পেসএক্সের মধ্যে এক যুগান্তকারী চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় আগামী তিন বছর স্পেসএক্সকে প্রতি মাসে ৯২ কোটি ডলার পরিশোধ করবে গুগল। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১ হাজার কোটি টাকার বেশি।
চুক্তির মেয়াদ শুরু হবে ২০২৬ সালের অক্টোবর থেকে, যা চলবে ২০২৯ সালের জুন পর্যন্ত। বিপুল অর্থের বিনিময়ে গুগল পেতে যাচ্ছে প্রায় ১ লাখ ১০ হাজার এনভিডিয়া জিপিইউ, সিপিইউ, মেমোরি এবং সংশ্লিষ্ট কম্পিউটিং অবকাঠামো ব্যবহারের সুযোগ।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সেবার চাহিদা অভূতপূর্ব হারে বাড়ছে। স্পেসএক্স জানিয়েছে, এই ক্রমবর্ধমান চাহিদা মেটাতে তাদের অতিরিক্ট কম্পিউটিং সক্ষমতা প্রয়োজন হয়েছে। অন্যদিকে গুগলের ভাষ্য, তাদের নতুন এআই পণ্য ও সেবাগুলোর ব্যবহার প্রত্যাশার চেয়েও দ্রুত বাড়ছে। বিশেষ করে জেমিনি এন্টারপ্রাইজ এবং এআই এজেন্ট প্ল্যাটফর্মে গ্রাহকদের আগ্রহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। এই চুক্তি মূলত সেই চাহিদা পূরণেই করা হয়েছে।
এর আগে গত মে মাসে স্পেসএক্স একই ধরনের আরেকটি বড় চুক্তি করে এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের সঙ্গে। সেই চুক্তির আওতায় প্রতিষ্ঠানটিকে মাসে ১২৫ কোটি ডলার দেওয়ার কথা রয়েছে।
গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট ইতোমধ্যে এ বছর ১৮০ বিলিয়ন ডলারের বেশি মূলধনি ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেছে। পাশাপাশি এআই অবকাঠামো সম্প্রসারণে ৮০ বিলিয়ন ডলারের নতুন শেয়ার বিক্রির উদ্যোগও নিয়েছে। বিশ্লেষকদের মতে, এআই খাতে তীব্র প্রতিযোগিতার কারণে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এখন বিপুল পরিমাণ কম্পিউটিং শক্তি নিশ্চিত করতে বড় অঙ্কের বিনিয়োগ করছে। গুগল ও স্পেসএক্সের এই চুক্তি সেই প্রবণতারই আরেকটি বড় উদাহরণ।
চুক্তিতে বাতিলের সুযোগও রাখা হয়েছে। ২০২৬ সালের ৩১ ডিসেম্বরের পর উভয় পক্ষ ৯০ দিনের নোটিশ দিয়ে চুক্তি বাতিল করতে পারবে।
এদিকে স্পেসএক্স আগামী সপ্তাহে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানিটি প্রায় ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে। পরিকল্পনা অনুযায়ী, এর বাজারমূল্য দাঁড়াতে পারে প্রায় ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন ডলার। যা স্পেসএক্সকে বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানিতে পরিণত করবে। এআই বিপ্লবের এই যুগে কম্পিউটিং শক্তিই যেন নতুন সোনার খনি, আর সেই খনির সবচেয়ে বড় অধিকারীরা হাত বাড়িয়ে দিচ্ছেন স্পেসএক্সের দিকে।