চাঁপাইনবাবগঞ্জে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা শীর্ষক আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তরুণ সমাজের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য—এমন মন্তব্য করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ হাসান মারুফ। তিনি বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও পুরো প্রজন্মকে ধ্বংস করে দেয়। এই ভয়াবহতা থেকে মুক্তি পেতে হলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চাঁপাইনবাবগঞ্জ-এর উদ্যোগে আয়োজিত “মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারুণ্যের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা ও মাদকবিরোধী কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. এ.কে.এম. শাহাব উদ্দীন, নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইয়াসির আরাফাত এবং নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবীর।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। বালুগ্রাম আদর্শ কলেজের অধ্যক্ষ গোলাম ফারুক মিথুন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
আলোচনা সভায় বক্তারা মাদকের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রধান অতিথি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চাহিদা হ্রাস, সরবরাহ হ্রাস ও ক্ষতি হ্রাস—এই তিনটি কৌশলের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণে নিরলসভাবে কাজ করছে।
আলোচনা সভা শেষে মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়।
এছাড়া বিদ্যালয়ের ১৫ জন মেধাবী শিক্ষার্থীর মাঝে মাদকবিরোধী স্লোগান সংবলিত শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান ও লাল কার্ড প্রদর্শন করেন।
পরে মাদকবিরোধী বার্তা সম্বলিত ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীসহ পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।