তিন আসনে মনোনয়নপত্র সংগ্রহে নতুন হিসাব, বাগেরহাট বিএনপিতে অস্থিরতা

অনলাইন ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৫, ০৭:১২ অপরাহ্ন

জেলার খবর

তিন আসনে মনোনয়নপত্র সংগ্রহে নতুন হিসাব, বাগেরহাট বিএনপিতে অস্থিরতা

মাসুদ আল হাসান, প্রতিনিধি :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার তিনটি সংসদীয় আসন থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর বড় ছেলে মেহেদী হাসান।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৪ আসনের জন্য মনোনয়নপত্র নেওয়া হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহের পর মেহেদী হাসান বলেন, তাঁর বাবা দীর্ঘদিন ধরে বাগেরহাটের মানুষের সঙ্গে যুক্ত রয়েছেন এবং তাঁদের সেবার সুযোগ পেতে সবার দোয়া কামনা করেন। তবে তিনি প্রার্থিতার ধরন নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি।

এদিকে বিএনপির পক্ষ থেকে বাগেরহাট জেলার চারটি আসনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলও বিভিন্ন আসনে নিজেদের প্রার্থী চূড়ান্ত করেছে।

অন্যদিকে বাগেরহাটের কয়েকটি আসনে বিএনপির ঘোষিত প্রার্থী নিয়ে স্থানীয় পর্যায়ে অসন্তোষ দেখা দিয়েছে। বাগেরহাট-১, ২ ও ৪ আসনে প্রার্থী পরিবর্তনের দাবিতে স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

প্রার্থী মনোনয়নকে কেন্দ্র করে বাগেরহাটের রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে পরিস্থিতি কোন দিকে যায়, সে দিকেই এখন নজর স্থানীয়দের।