ঝিনাইদহে বিক্ষুব্ধ ছাত্রদের হাতে ‘এক তর্জনি’ স্তম্ভ ভাঙচুর
খুলনা ব্যুরো প্রধান। :
আজ ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ঝিনাইদহ শহরের স্বাধীনতা চত্বরে বিক্ষুব্ধ ছাত্র জনতা বুলডোজার দিয়ে শহরের শহিদ মিনার সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনি’ স্তম্ভ ভাঙচুর করেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্র নেতাকর্মীরা আওয়ামী লীগের লকডাউন ঘোষণা ও দেশে চলমান নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া ছাত্ররা পরে স্তম্ভটি ধ্বংস করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সাইদুর রহমান বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী লীগ অতীতে অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছে। এর প্রতিবাদে আজ আমরা বিক্ষুব্ধ হয়ে স্তম্ভটি ভেঙেছি।”
ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।
পূর্ববর্তী ঘটনায়, গত বছরের জুলাই মাসে একই স্তম্ভে আংশিক ভাঙচুর হয়েছিল। আজ অবশিষ্ট অংশও সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে।