এইচএসসি ফলাফল ও শিক্ষাব্যবস্থার প্রকৃত সংকট

অনলাইন ডেস্ক
১৭ অক্টোবর ২০২৫, ০৯:৩৪ অপরাহ্ন

জেলার খবর

এইচএসসি ফলাফল ও শিক্ষাব্যবস্থার প্রকৃত সংকট

বশিরুল ইসলাম ,নরসিংদী জেলা প্রতিনিধি:

এইচএসসির ফলাফল প্রকাশের পর যেন এক ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। অনেকে বলছেন পাশের হার কমেছে, শিক্ষার্থীদের মান কমে গেছে, আবার কেউ কেউ রাজনৈতিক দোষারোপে ব্যস্ত। কিন্তু আসলে কি এই ফলাফলই আমাদের প্রকৃত সমস্যা?

প্রশ্ন হলো—যে দেশে ১২ লাখ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়, সেখানে যদি ৭ লাখ পাশ করে, সেই ৭ লাখের ভবিষ্যৎ কী? দেশের বিশ্ববিদ্যালয়, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং আসন মিলে জায়গা হয় না এক শতাংশেরও । বাকিদের জন্য কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কি? 

আমরা বছরের পর বছর ধরে শুধু পাশের হার নিয়ে উৎসব করেছি, কিন্তু শিক্ষা গুণগতভাবে কোথায় দাঁড়িয়ে আছে, তা নিয়ে কেউ ভাবেনি। পরীক্ষায় মুখস্থনির্ভর মূল্যায়ন, প্রশ্নফাঁস, অযৌক্তিক নম্বর—এসবই ধীরে ধীরে শিক্ষাকে মেরে ফেলেছে। আজকের শিক্ষার্থীদের ভাষা, আচরণ, চিন্তাশক্তি—সব কিছুতে সেই অবক্ষয়ের ছাপ।

এই অবস্থার দায় কোনো এক বছরের সরকারের নয়; এটা দীর্ঘদিনের পচন। প্রয়োজন ছিল শিক্ষক প্রশিক্ষণ, নৈতিক শিক্ষা, সৃজনশীল চিন্তার বিকাশ—যেটা আমরা করিনি।

আজ যারা বলছে “জেন-জি পড়াশোনা না করে রাজনীতি করে”, তারা ভুলে যাচ্ছে—এই প্রজন্ম তো সেই শিক্ষাব্যবস্থারই ফসল, যা আমরা নিজেরাই ধ্বংস করেছি।

তাই কারো উপর দোষ চাপিয়ে লাভ নেই। বরং সময় এসেছে নতুন করে ভাবার—কীভাবে শিক্ষা হবে বাস্তবমুখী, দক্ষতা-নির্ভর, এবং মানুষের চরিত্র গঠনের উপযোগী।

শিক্ষা মানে শুধু পাশ নয়, শিক্ষা মানে মানুষ তৈরি করা। আর আমরা সেই মানুষ তৈরির কাজটাই ভুলে গেছি।