মোংলায় তুচ্ছ ঘটনার জেরে যুবককে পিটিয়ে হত্যা, আটক ২
মাসুদ আল হাসান, প্রতিনিধি :
তুচ্ছ একটি ঘটনার জের ধরে মোংলায় এক যুবককে পিটিয়ে হত্যা করার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ১৩ অক্টোবর সোমবার সকালে মোংলা পৌর শহরের কবরস্থান রোড এলাকায় মহিদুল শেখ (২৮) নামের যুবককে হামলাকারী দুই যুবক মাহমুদ ও বনি শেখ মোটরসাইকেলের গতিরোধ করে বেধরক মারপিট করে। হামলার সময় মহিদুলের স্ত্রীও আঘাতের শিকার হন।
স্থানীয়রা জানায়, কাঠের বাটাম দিয়ে মাথায় আঘাত করার ফলে মহিদুল ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ে। তাকে স্থানীয়দের সহায়তায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতেই মহিদুলের মৃত্যু হয়।
পুলিশ দুইজনকে আটক করেছে এবং মারামারি মামলায় তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। মহিদুলের পরিবার ও স্থানীয়রা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ জানায়, গত সপ্তাহে মহিদুল ও হামলাকারীদের মধ্যে গাড়ি ওভারটেক সংক্রান্ত বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান বলেন, “নিহতের মৃত্যুর ঘটনায় নতুন করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”
স্থানীয়রা এই ঘটনায় সমাজে নিরাপত্তা ও শান্তি বজায় রাখার গুরুত্ব পুনঃউজ্জীবিত করার আহ্বান জানিয়েছে। নিহত মহিদুলের পরিবার তাদের দু’টি সন্তানসহ ক্ষতিগ্রস্ত। পারিবারিক কবরস্থানে মহিদুলের দাফন আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হবে।