হবিগঞ্জে ছাত্রনেতা মাহদী হাসান গ্রেপ্তার
প্রতিদিনের দেশ রিপোর্ট :
হবিগঞ্জ জেলার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানকে শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে হবিগঞ্জ সদর থানা পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ সুপার ইয়াছমিন খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার দুপুরে আন্দোলনের দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত একটি চিঠি মাহদীকে পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, শুক্রবার শায়েস্তাগঞ্জ থানায় তার কিছু অনাকাঙ্ক্ষিত বক্তব্য মিডিয়ায় আসার পর তা সংগঠনের আদর্শের সঙ্গে সাংঘর্ষিক এবং সংগঠনের ভাবমূর্তিও ক্ষুণ্ন করেছে। চিঠিতে তাকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
মাহদী হাসানের বিতর্কিত বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে বসে তিনি ওসিকে হুমকি দিচ্ছেন এবং নিজেকে আন্দোলনের নেতা দাবি করে সহিংস ঘটনার কথা উল্লেখ করছেন।